শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউটিউবার মিল্লাদের মৃত্যু, সেনাসদস্য গ্রেফতার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি গেমিং ইনফ্লুয়েন্সার মুজাহিদ মিল্লাদ (২২), যিনি ‘অ্যাডভান্স গেমিং’ নামে পরিচিত ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদা (২০) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত বুধবার (২০ এপ্রিল) মাজু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, এক মালয়েশীয় সেনাসদস্য মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিপরীত লেনে উঠে পড়েন এবং একটি ই-হেইলিং গাড়িকে সজোরে ধাক্কা দেন। ওই গাড়িতেই ছিলেন মিল্লাদ ও তার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩১ বছর বয়সী সেনাসদস্যকে গ্রেফতার করা হয়েছে। ব্রেথালাইজার পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের প্রধান মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, মিল্লাদ ও তার স্ত্রী ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং বিমানবন্দর থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

এদিকে, জনপ্রিয় এই ইউটিউবারের মৃত্যুতে দেশের অনলাইন গেমিং কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হচ্ছে।

আহত নাফিসার স্বজন মহিবুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, কীভাবে একজন মদ্যপ ব্যক্তি গাড়ি চালানোর সুযোগ পেলেন—এ প্রশ্নের জবাব প্রয়োজন। তিনি মালয়েশিয়ার আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য হলেও তদন্তের পূর্ণ দায়িত্ব পুলিশের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশটির ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪৪(১) ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে। এই আইনে দোষী সাব্যস্ত হলে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড ও উল্লেখযোগ্য অঙ্কের জরিমানার বিধান রয়েছে। পুনরাবৃত্তির ক্ষেত্রে শাস্তি আরও কঠোর হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top