শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা আকবর আলী বহিষ্কার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৩:০০

ছবি: সংগৃহীত

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, আকবর আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কলেজে প্রবেশ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে ঢোকেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষকদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় কলেজের অফিসকক্ষে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ উঠেছে।

হামলায় কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নারী প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও কয়েকজন কর্মচারী আহত হন।

আহত শিক্ষকরা অভিযোগ করেন, কলেজে তখন ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও হামলার ঘটনা ঘটে।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি পক্ষ তার কাছে নানা সময়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নারী প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, কলেজের আয়-ব্যয়ের হিসাব চাওয়ার নামে মূলত চাঁদা দাবি করা হতো। প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হন।

অভিযুক্ত আকবর আলী দাবি করেন, কলেজের অনিয়ম-দুর্নীতির বিষয়ে হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাঁর দাবি, শিক্ষিকা আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top