নিজেদের কার্যক্রম পুনর্গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশাল বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস ইনক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়ছে। আগামী ২০ মে থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মেটার মানবসম্পদ বিভাগের প্রধান জেনেল গেল।
মেটা জানিয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি ব্যয়ের ভারসাম্য রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিভাগে থাকা প্রায় ৬ হাজার নতুন পদে নিয়োগ কার্যক্রমও স্থগিত করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে মেটা শুধু এআই অবকাঠামো ও ডাটা সেন্টার খাতে প্রায় ৭ হাজার ২২০ কোটি ডলার ব্যয় করেছে। ২০২৬ সালে এই ব্যয় আরও বেড়ে ১১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে অনেক কাজই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন হবে, যেখানে আগের মতো বড় দল নয়, বরং অল্পসংখ্যক দক্ষ কর্মী দিয়েই জটিল প্রকল্প শেষ করা সম্ভব হবে।
প্রতিযোগিতামূলক এআই বাজারে টিকে থাকতে ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে মেটা বিভিন্ন এআই স্টার্টআপ অধিগ্রহণেও বিপুল অর্থ ব্যয় করছে বলে জানা গেছে।
ছাঁটাইয়ের আওতায় থাকা কর্মীদের জন্য ১৬ সপ্তাহের মূল বেতন এবং চাকরির প্রতি বছরের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।