তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পরবর্তী সরকারপ্রধান হিসেবে তারেক রহমান-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই শপথ অনুষ্ঠানকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা দেখা দিয়েছে। জানা গেছে, শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।

তবে ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times জানিয়েছে, ওই অনুষ্ঠানে মোদির উপস্থিতি অনিশ্চিত। প্রতিবেদনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই আয়োজনে আঞ্চলিক বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভারতের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগেই বিএনপি নেতারা জানান, শপথ অনুষ্ঠানে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

সূত্রের বরাতে বলা হয়েছে, একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ-এর সঙ্গে নরেন্দ্র মোদির একটি দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় ঢাকায় আসার সম্ভাবনা খুবই কম।

তবে মোদি উপস্থিত না থাকলেও ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন। সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রীর নাম আলোচনায় রয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশ–ভারত সম্পর্ক বর্তমানে নিম্ন পর্যায়ে থাকলেও তা পুনর্গঠন দিল্লির জন্য এখনও একটি অগ্রাধিকার। তবে সম্পর্ক পুনর্গঠনে ভারত তাড়াহুড়ো করতে চায় না।

একজন সূত্র আরও জানান, অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হতে পারেন—এমন পরিস্থিতিতে একই মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top