সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৭

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার এক পরিবারের দুই শিশুসহ বাবা-মা রয়েছেন।

নিহতরা হলেন— মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। এ দুর্ঘটনায় একই পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী ও তিন কন্যা মোহনা, ফাইজা এবং ছোট মেয়ে সুবাহকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান।

নিহত মিজানুর রহমানের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুক্ষণ আগেই অবগত হয়েছেন। নিহতদের মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top