বৈষম্যবিরোধী ছাত্র নেতা মাহদী হাসান দিল্লি বিমানবন্দরে আটক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৫
ব্যক্তিগত কাজে ভারতে গিয়ে দেশে ফেরার পথে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকায় ফেরার উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তাকে জানান।
অনলাইন গণমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, ব্যক্তিগত কাজে দিল্লিতে অবস্থানকালে মঙ্গলবার দুপুরে মাহদীর অজ্ঞাতে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টগুলোতে তার নাম-পরিচয় উল্লেখ করে তাকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল।
ভারতস্থ বাংলাদেশ কনসুলেটের একটি সূত্রের বরাতে দ্য ডিসেন্ট আরও জানায়, সামাজিক মাধ্যমে হুমকির প্রেক্ষাপটে মঙ্গলবারই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মাহদীর সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরদিন দুপুরে বিমানবন্দরে তাকে আটক করা হয়।
এর আগে মাহদী হাসান গণমাধ্যমকে জানান, ফিনল্যান্ডের ভিসা সংক্রান্ত কাজে দিল্লিতে ভিএফএস সেন্টারে কাগজপত্র জমা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি তার ভিডিও ধারণ করে। এরপর থেকে তার মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে কল ও বার্তা আসতে থাকে। এসবের মাধ্যমে তিনি জানতে পারেন, তার বর্তমান অবস্থান, মোবাইল নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা ভিডিওটি ধারণ ও প্রচার করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার মুক্তির দাবিতে মাহদী হাসানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের কক্ষে অবস্থান নেন। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহদীকে কিছু বিতর্কিত বক্তব্য দিতে শোনা যায়, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।