রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৪:১২

ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, সম্মানিত ইরানি জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ইরাকের পক্ষ থেকে সমবেদনা জানানো হচ্ছে। শহীদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড একটি প্রকাশ্য আগ্রাসনের ফল এবং এটি নিন্দনীয় কাজ। এ ঘটনা সব মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top