রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১১:২৩

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক।

সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিক বিবৃতি পাঠের সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। বারবার চোখের পানি মুছতে দেখা যায় তাকে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় সময় রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর কথা জানানো হয়েছিল।

খামেনির মৃত্যুতে সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করা এবং দেশজুড়ে বিশেষ দোয়া ও স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন, নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার চলছে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার দাবি করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ একই দাবি তুলে ধরেন।

ট্রাম্প তার বার্তায় খামেনিকে ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি আখ্যা দিয়ে বলেন, তার মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্যও ন্যায্য বিচার। তিনি আরও দাবি করেন, উন্নত নজরদারি ব্যবস্থার মাধ্যমে খামেনিকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এ পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড, সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার অনেক সদস্য আর যুদ্ধ চালিয়ে যেতে চান না এবং নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন।

এদিকে খামেনির মৃত্যুতে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top