ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১১:১০
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। চলমান হামলায় এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষই একে অপরের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানছে।
হামলার পর থেকে ইরানের রাজধানী তেহরানে আতঙ্ক বিরাজ করছে। শহরের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত রাত ছিল এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। কয়েক ঘণ্টা পরপরই সেখানে বিস্ফোরণ ও হামলার শব্দ শোনা গেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন করে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এসব হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির প্রধান শর্ত হবে আত্মসমর্পণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান গণতান্ত্রিক রাষ্ট্র কি না সেটি তার কাছে মুখ্য বিষয় নয়। বরং এমন নেতৃত্ব চান, যারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারে এবং ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে।
যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে বলে সতর্ক করেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল খাবি বলেছেন, সংঘাত বন্ধ না হলে যেকোনো সময় জ্বালানি উৎপাদন ব্যাহত হতে পারে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।
ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় টানা হামলায় গত কয়েক দিনে অন্তত ২১৭ জন নিহত হয়েছেন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্যমতে, মাত্র ১০০ ঘণ্টার মধ্যে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালালেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও বড় আকার নিতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।