ট্রাম্পই ইরানের মুক্তিদাতা: ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৩:০৯

ছবি: সংগৃহীত

ইরান ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে দেশটিতে একদিকে শোক, অন্যদিকে আনন্দ প্রকাশের ঘটনাও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের মুক্তিদাতা বলে মন্তব্য করেছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি।

ইরানে গণতন্ত্র ও নারীর অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে দীর্ঘদিন ধরেই খামেনির নীতির বিরোধিতা করে আসছেন মান্দানা কারিমি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

অভিনেত্রীর দাবি, দীর্ঘদিন ধরে কট্টরপন্থী শাসনের মধ্যে থাকা ইরান এখন পরিবর্তন চায়। এ কারণেই তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। তার মতে, ট্রাম্পের দৃঢ় নেতৃত্বই ইরানকে গভীর অন্ধকার থেকে মুক্তির পথ দেখাতে পারে।

মান্দানা কারিমি মনে করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ট্রাম্পের শক্ত অবস্থানের মধ্য দিয়েই ইরানের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে এর তীব্র সমালোচনাও করেছেন। এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মতভেদও দেখা দিয়েছে।

এর আগে ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ফারহানা ভাট আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষাপটে মান্দানার প্রকাশ্য উচ্ছ্বাস সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দেয়।

ইরানের রাজধানী তেহরানে জন্ম নেওয়া মান্দানা কারিমি কর্মজীবনের শুরুতে উড়োজাহাজে সেবাকর্মী হিসেবে কাজ করেন। পরে মডেল হিসেবে পরিচিতি পান। এরপর অভিনয় জগতে প্রবেশ করে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি একটি জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠানেও অংশ নিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান এই ইরানি অভিনেত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top