ইসরায়েলের হামলা ঘোষণার পর তেহরানে একাধিক বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৭:৫১
ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন হামলা চালানোর ঘোষণার পরপরই ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে স্থানীয় সূত্র জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত কারচাক কাউন্টি এলাকায় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এসব ভিডিওর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে অনিশ্চিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই এলাকায় অবস্থিত একটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
ঘটনার পর তেহরানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।