নেপালের নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন বালেন্দ্র শাহ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১২:২২
নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। দেশটির নির্বাচন কমিশন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করলে দেখা যায়, র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ–এর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয় পেয়েছে। গত ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে নেপালের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের জন্য এটি সবচেয়ে বড় জয়।
২৭৫ আসনের সংসদের নিম্নকক্ষে আরএসপি এককভাবে ১৮২টি আসন নিশ্চিত করেছে। এর মধ্যে সরাসরি নির্বাচনে ১২৫টি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ৫৭টি আসন রয়েছে। দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের থেকে মাত্র দুইটি কম পেয়েছে দলটি।
অন্যদিকে দেশের পুরোনো রাজনৈতিক দলগুলো বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। নেপালি কংগ্রেস মাত্র ৩৮টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি–এর দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল) পেয়েছে ২৫টি আসন, যা তাদের তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে।
চীন ও ভারতের মাঝখানে অবস্থিত প্রায় তিন কোটি মানুষের দেশ নেপালে গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্যাপক আন্দোলন শুরু হয়। তরুণ প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিবিরোধী ওই আন্দোলনে সংঘর্ষে ৭৭ জন নিহত হলে তৎকালীন প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করতে বাধ্য হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি–এর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারের মূল দায়িত্ব ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ মার্চ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজনীতিতে আসার আগে বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী র্যাপ গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দক্ষিণাঞ্চলীয় সমভূমি অঞ্চল ‘মাধেশ’ থেকে উঠে আসা তিনি নেপালের প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে ওই অঞ্চলের ছোট আঞ্চলিক দলগুলো এবার কোনো আসনই পায়নি।
নির্বাচনী প্রচারণায় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং আগামী পাঁচ বছরে দেশের প্রায় ৪ হাজার ২০০ কোটি ডলারের অর্থনীতিকে দ্বিগুণের বেশি করার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে বিশাল এই জয়ের মধ্যেও বিতর্ক রয়েছে। দলের জনপ্রিয় নেতা ও সাবেক টেলিভিশন উপস্থাপক রবি লামিছানে–এর বিরুদ্ধে ক্ষুদ্র সঞ্চয় প্রতিষ্ঠানগুলোর তহবিল তছরুপের অভিযোগ উঠেছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।