শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বন্ধ থাকবে যেসব যানবাহন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:০০

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রার সময় সড়কে যানজট কমাতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, ১৬ মার্চ থেকে রাজধানীতে ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে নজরদারি বাড়ানো হবে। যানজট কমাতে কুড়িল-আব্দুল্লাহপুর, গুলিস্তান-সাইনবোর্ড, মিরপুর রোড-আমিনবাজার এবং ফুলবাড়িয়া-সদরঘাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে সাধারণ যানবাহনকে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে সড়কের ওপর বা টার্মিনালের বাইরে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না। একই সঙ্গে রাজধানীর প্রবেশপথে বাস পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করে বলা হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়, একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন বা ফিটনেসবিহীন যানবাহন চলাচল করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং এবং চলন্ত গাড়িতে মোবাইল ফোন বা হেডফোন ব্যবহারের বিরুদ্ধে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়েও কিছু সতর্কতা দিয়েছে ডিএমপি। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, নির্ধারিত টার্মিনাল ছাড়া যত্রতত্র বাসে না ওঠা এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী হিসেবে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

কোনো জরুরি পরিস্থিতিতে যাত্রীরা টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে পারবেন বলে জানিয়েছে ডিএমপি।

ঈদের আনন্দঘন যাত্রা যেন কোনো দুর্ঘটনা বা দুর্ভোগে পরিণত না হয়, সে জন্য সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top