ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:০১
পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সব শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের প্রাপ্য নিয়ে কোনো ধরনের জটিলতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে শ্রমমন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ প্রতিরোধে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় শ্রমমন্ত্রী বলেন, বিভিন্ন সংসদীয় এলাকায় ঝুঁকিপূর্ণ শিল্প-কারখানার তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে দেওয়া হবে। তারা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা দ্রুত পরিশোধে উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, কিছু শ্রমিক নেতা অযথা শ্রমিকদের উসকে দিয়ে শিল্পখাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পলাতক মালিকদের এবং তাদের পরিচালিত কারখানাগুলোর একটি তালিকা তৈরির নির্দেশ দেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, এসব কারখানায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।