বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ইরানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১০

সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের ওপর জোর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অবস্থানের প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি।

চীন সফরকালে দেওয়া বক্তব্যে ল্যাভরভ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোও বুঝতে পারছে যে ‘মার্কিন আগ্রাসন’ না হলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করত না।

তিনি জানান, এই সংকটের সমাধানে মস্কো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে কাজ করছে। তার ভাষায়, “সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।”

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও রাশিয়ার অবস্থান তুলে ধরে ল্যাভরভ বলেন, তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করবে।

তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনের উচিত বাস্তবসম্মত অবস্থান নেওয়া এবং মধ্যপ্রাচ্যে আগ্রাসী নীতি থেকে সরে আসা, কারণ এই নীতি শুধু সংঘাতই বাড়াচ্ছে না, বরং মিত্র দেশগুলোর জন্যও ক্ষতিকর হয়ে উঠছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top