বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৭

ছবি: সংগৃহীত

ইসলামাবাদে টানা ৩৮ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এরই প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ট্রাম্পের এই হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি ইরানি সুপার ট্যাঙ্কার। বুধবার ইরানের ফার্স সংবাদ সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই বিশাল জাহাজটি প্রায় বিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম। অবরোধ ঘোষণার পর এটিই প্রথম বড় ইরানি জাহাজ, যা মার্কিন নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করে গন্তব্যের দিকে অগ্রসর হয়। তবে জাহাজটি তেলভর্তি ছিল নাকি খালি অবস্থায় চলছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই সোমবার ওয়াশিংটন সময় রাত আটটা থেকে হরমুজ প্রণালিতে ইরানের উপসাগরীয় বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, অবরুদ্ধ অঞ্চলের কাছে কোনো ইরানি জাহাজ গেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

তিনি আরও নির্দেশ দেন, ইরানকে অর্থ বা টোল প্রদান করা যেকোনো জাহাজ আন্তর্জাতিক জলসীমায় শনাক্ত করে আটক করতে হবে। তাঁর এই ঘোষণার মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি এবং অর্থনীতির প্রধান প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া।

মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারির মধ্যেই শুধু ইরান নয়, মঙ্গলবার চীনের একটি তেলবাহী ট্যাঙ্কারও সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি ট্যাঙ্কার প্রথম হিসেবে উপসাগর থেকে বেরিয়ে আসে।

এছাড়া আরও একটি নিষিদ্ধ জাহাজ বর্তমানে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top