বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

হরমুজের পর এবার ট্রাম্পের নজর মালাক্কা প্রণালির দিকে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১৮

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে মালাক্কা প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও জল্পনা বাড়ছে।

চলতি সপ্তাহের শুরুতে চূড়ান্ত হওয়া চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে আরও বেশি অভিযান পরিচালনার সুযোগ পাবে। যদিও এটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে তুলে ধরা হয়েছে, বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মালাক্কা প্রণালিতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও কার্যক্রম বাড়তে পারে।

মালাক্কা প্রণালি ভারত মহাসাগরকে পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্তকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে এই পথটির ব্যবস্থাপনা করে থাকে। নতুন এই চুক্তির পর প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্যের বাইরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো নিয়ন্ত্রণে রাখতে তাদের কৌশল পুনর্বিন্যাস করছে।

হরমুজ প্রণালি বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম কেন্দ্র হলেও মালাক্কা প্রণালি আরও বিস্তৃত বাণিজ্যিক করিডোর হিসেবে পরিচিত। এটি শুধু জ্বালানি নয়, উৎপাদিত পণ্য, ইলেকট্রনিক সামগ্রী এবং বিভিন্ন শিল্প উপাদান পরিবহনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে পূর্ব এশিয়ার অর্থনীতির জন্য এই নৌপথের গুরুত্ব অপরিসীম। চীনসহ অনেক দেশ জ্বালানি আমদানির ক্ষেত্রে মালাক্কা প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এই প্রেক্ষাপটে নতুন চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র: এনডিটিভি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top