বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ইরান যুদ্ধ চায় না, সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪২

সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয়, বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। তবে যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বেচ্ছাচারিতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তা প্রতিরোধ করা হবে বলেও তিনি সতর্ক করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) আলজাজিরা ও ইরনা-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় আলোচনার পক্ষপাতী, কিন্তু কোনো ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বা আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা সফল হবে না। তার ভাষায়, “ইরান যুদ্ধ চায় না, তবে চাপ মেনে নেবে না।”

তিনি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির প্রসঙ্গ তুলে বেসামরিক নাগরিক, শিশু, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলার তীব্র সমালোচনা করেন।

এদিকে আনাদোলু এজেন্সির বরাতে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরানে শত শত স্কুলসহ বিপুল সংখ্যক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, স্কুল ছাড়াও ঘরবাড়ি, দোকান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ বড় পরিসরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান সরকার বলছে, এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য বিশেষ গৃহঋণ সহায়তার ব্যবস্থা করা হবে।

সরকারি সূত্রের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এর জবাবে ইরানও বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে।

চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, যা পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top