বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

১০৫ বছর বয়সে স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স ডিগ্রি পেলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২১:৫২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০৫ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ভার্জিনিয়া (জিনি) হিসলপ নামে এক নারী।

দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় পর তিনি এই ডিগ্রি সম্পন্ন করেন। স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে শিক্ষা বিষয়ে মাস্টার অব আর্টস ডিগ্রি গ্রহণ করেন তিনি।

জানা যায়, ১৯৪০-এর দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন ভার্জিনিয়া হিসলপ। তখন তিনি প্রয়োজনীয় সব কোর্স সম্পন্ন করলেও থিসিস জমা দেওয়ার ঠিক আগমুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

যুদ্ধের কারণে তার প্রেমিক জর্জ হিসলপ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর তিনি পড়াশোনা ছেড়ে বিয়ে করেন এবং পরবর্তীতে যুদ্ধকালীন বিভিন্ন সহায়ক কাজে যুক্ত হন। পাশাপাশি সংসার ও সন্তানদের দেখাশোনায় মনোনিবেশ করেন।

পরবর্তীতে দুই সন্তান, চার নাতি-নাতনি এবং নয়জন প্রপৌত্র-প্রপৌত্রী নিয়ে বড় পরিবার সামলানোর পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ বোর্ডে দায়িত্ব পালন করেন।

শিক্ষাক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে ওয়াশিংটনের ইয়াকিমা অঞ্চলের স্কুল ব্যবস্থার উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য।

এদিকে সময়ের সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থিসিস জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেয়। এর ফলে বহু বছর আগে সম্পন্ন করা কোর্সের ভিত্তিতে তাকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৬ জুন স্ট্যানফোর্ডের সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চে উঠে তিনি আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন।

ডিগ্রি গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “এর জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি। অবশেষে এটি পেয়ে আমি খুবই আনন্দিত।”

এই ঘটনা আবারও প্রমাণ করল শেখার কোনো বয়স নেই, স্বপ্ন পূরণেরও কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সূত্র: এবিসি নিউজ

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top