রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৫

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমির নিঃশর্ত মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে বক্তারা দ্রুত ইমিকে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তাকে সম্পৃক্ত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ ও ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম। তিনি বর্তমান আইনি পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, সংবিধানের কোথাও কি উল্লেখ আছে যে ‘জয় বাংলা’ বলা যাবে না বা ৭ মার্চের ভাষণ প্রচার নিষিদ্ধ? যদি এমন কোনো আইন থাকে, তবে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন। অন্যথায় অবিলম্বে ইমির মুক্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

নাহিদুল ইসলাম বলেন, ইমিকে মুক্ত করে এই রাজু ভাস্কর্য থেকেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। একটি হয়রানিমূলক মামলায় একজন নারী নেত্রীকে আটক রাখা বৈষম্যহীন সমাজ গঠনের পথে অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ইমি ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার অনুসারীদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত মুক্তি না পেলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সমাবেশের বক্তারা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top