এখন একেকটা জঙ্গি ছেলে জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৪
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, দেশে আবারও একটি মুক্তিযুদ্ধ ঘটতে পারে, কারণ একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হিসেবে দায়িত্বে বসে আছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, পাকিস্তান, তুরস্ক, ইরানসহ কিছু দেশ বাংলাদেশকে অস্তিত্বহীন করতে চায়। এরা জামায়াত, স্বাধীনতা বিরোধী ও জঙ্গিদের অর্থসহায়তা দিয়ে দেশকে বিপন্ন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বর্তমান অনেক নেতা নিজের পরিচয় এবং দায়িত্ব থেকে দূরে, কেউ বাড়ি থেকে দাঁড়ায় না। তিনি বলেন, “ঢাকার নেতা ঢাকায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাড়ির মানুষ জানে না। এই সব গরু চোরের দল, জুতা চোরের দল এখন বাংলাদেশের নেতা।”
জামায়াতকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের কিছু কর্মকাণ্ড নারীর মর্যাদা ও আধুনিক শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে। তিনি ভোটারদের সতর্ক করেন, মিথ্যা প্রলোভনে পড়বেন না।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছে, এবং আজও সেই আদর্শকে রক্ষা করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজাকার ও আলবদরের দল নির্বাচনে সফল হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি আমাকে ভোট দেন, আমি এমপি হব, এবং বিএনপি ২৪০-এর বেশি আসন পাবে।”
ফজলুর রহমান আরও বলেন, জামায়াত ও তাদের মিত্রদের চক্রান্ত মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বও উল্লেখ করেন, “বাংলাদেশ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানের দেশ। একটিকে বাদ দিলে অন্যটি টিকে থাকতে পারবে না।”
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুল্লাহ হীরা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য তাফসির খান, ব্যারিস্টার অভিক রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।