শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ফুরিয়ে যাচ্ছে মার্কিন অস্ত্রভাণ্ডার, উৎপাদন ৪ গুণ বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:০৮

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানগুলো অস্ত্র উৎপাদন চারগুণ বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অস্ত্র উৎপাদন ও উৎপাদনের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের প্রধান প্রতিষ্ঠানগুলো অত্যাধুনিক মানের অস্ত্রের উৎপাদন চারগুণ বাড়াতে রাজি হয়েছে। যত দ্রুত সম্ভব সর্বোচ্চ পরিমাণ অস্ত্র উৎপাদনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অস্ত্র উৎপাদন বাড়ানোর এই কার্যক্রম বৈঠকের প্রায় তিন মাস আগেই শুরু হয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। তারা দেশটির সামরিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প জানান, প্রতিরক্ষা খাতের এসব শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী দুই মাসের মধ্যে আবারও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান। এসব হামলার উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একযোগে চাপে ফেলা বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সরবরাহ দীর্ঘমেয়াদে টেকসই থাকবে কি না, তা নিয়েও আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top