লালমনিরহাট সীমান্তে অভিযান, ইয়াবা ও মাদকদ্রব্য জব্দ

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৬:৫৭

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে দিঘলটারী ও গংগারহাট বিওপির পৃথক দুটি টহলদল অভিযান পরিচালনা করে।

গত ৮ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এলাকায় দিঘলটারী বিওপির টহলদল বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি সেলিম রহমান শাহিন (৪৫)। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা বালাটারী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ১০০ পিস ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চান্দের বাজার এলাকায় গংগারহাট বিওপির টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় কিংফিশার বিয়ার ২ বোতল এবং ১ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে জব্দকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top