ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় তিন সন্ত্রাসী আটক
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:১৮
চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রিভলভার, পিস্তল, সাবমেশিনগান, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মারুফ হোসেন তুষার (২১), মো. বাবু (২৭) ও মেহেদী হাসান ওরফে হাসান (২২)।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী এ তথ্য জানান।
পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে কয়েকটি চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপ প্রধানের নির্দেশে তারা হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।