মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:০৮

ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের লক্ষীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলার সময় কয়েকটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে হাসান মুন্সির সমর্থকেরা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে হামলা চালায়।

হামলার সময় দুর্বৃত্তরা আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি জানান, আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top