বিএনপির হামলায় বড় ভাই নিহতের ১০ দিন পর মারা গেলেন ছোট ভাই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:০২
বিএনপির হামলায় গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের জামায়াতের আমির মফিজুর রহমান আজ (১০ মার্চ) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বড় ভাই হাফিজুর রহমানের মৃত্যুর মাত্র ১০ দিন পর মারা গেলেন।
জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হামলায় আহত মফিজুরের ভাতিজা মাহফুজুর রহমানও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপির হামলায় চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে বড় ভাই হাফিজুর (৪৬) ও ছোট ভাই মফিজুর (৩২) রহমানের অবস্থার তীব্রতা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের ঢাকায় নেওয়া হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ রাতের দিকে হাফিজুর রহমান মারা যান। মফিজুর রহমান ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং আজ দুপুরে মৃত্যুবরণ করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাফিজুর রহমান নিহতের পর ২ মার্চ জীবননগর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।