খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় হাজী শরিয়াতউল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। খুলনায় বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো চালু করার মাধ্যমে বেকারত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে মোট ৫ হাজার ২৭৫ জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ১৫৮ জনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে এক হাজার উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকারসহ সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।