কোটি টাকার প্রকল্পে দুর্নীতি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:২৭
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন, তারা দেশের অর্থ কিভাবে লুটপাট করেছে এবং টাকা পাচার করেছে তা জনগণ জানে। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাদের কারণে কোটি কোটি টাকা মূল্যের প্রকল্পে যথাযথ কাজ হয়নি এবং আমরা বঞ্চিত হয়েছি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চলমান কাজগুলো দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার জন্য বিশেষ নজর রাখছে যাতে প্রকল্পগুলো জনগণের সুবিধার জন্য সম্পন্ন হয়।”
শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনড় বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে। কাজের ধরণ ও মান সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজরদারিতে থাকবে। তিনি আশ্বাস দেন, “আমরা কাজগুলো সম্পন্ন করব এবং উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। বর্ষার সময় প্লাবন ও বন্যার স্রোত আমাদের জীবনকে প্রভাবিত করে। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে। ফসল নষ্ট হচ্ছে, অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। বাঁধের কাজ শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। সবার সহযোগিতায় আমরা কাজ শেষ করব।”
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ, লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।