বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৮:৪৩
মানিকগঞ্জ শহরের একটি বিউটি পার্লারকে ঘিরে নারীদের জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী কর্মচারী মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, শহরের এলজিইডি অফিসের পশ্চিম পাশে অবস্থিত ‘রাইসা বিউটি ঘর’ নামের পার্লারে কাজ করতেন ওই নারী। কিছুদিন চাকরি করার পর পার্লারের মালিক ও তার সহযোগীরা তাকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত ১১ মার্চ তার ১৩ বছর বয়সী ছোট বোন পার্লারে তার সঙ্গে দেখা করতে আসে। এ সময় পার্লারের মালিকসহ সংশ্লিষ্টরা মেয়েটিকেও অনৈতিক কাজে যুক্ত করার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ১৪ মার্চ রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা তার বাসায় গিয়ে চাপ সৃষ্টি করে।
তিনি আরও জানান, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে পার্লারে নিয়ে গিয়ে মারধর করা হয়। লোহার রড দিয়ে আঘাত করা, হাত শিকল দিয়ে বেঁধে রাখা এবং মাথার চুল কেটে দেওয়ার মতো নির্যাতনের অভিযোগও করেছেন তিনি। পরে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
মামলায় পার্লারের মালিক রত্না ইয়াছমিন, তার ছেলে মো. তুষার রহমান (২৬), তাজনীন আক্তার চাঁদনী (২৬), রিফাত (২৫), রজ্জব (২৫) এবং জহিরুল ইসলাম টিপু (৪৫)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ইকরাম হোসেন, ওসি, মানিকগঞ্জ সদর থানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।