বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:৩৯

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে দেড় বছরের এক শিশুকন্যা। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, আহত শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। ঢাকার স্নায়ুবিজ্ঞান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে শিশুটির চিকিৎসা তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও প্রধানমন্ত্রী বহন করবেন।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে শেরপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির বাবা-মাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top