বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সদরঘাটে দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল, তদন্ত কমিটি গঠন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৯:২৮

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দায় নির্ধারণ করে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। ঘটনাটি তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নৌপথে এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে যেন কেউ এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে না পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তিনি জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান আশঙ্কামুক্ত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতে সাময়িকভাবে ব্যাহত হলেও বৃহস্পতিবার সকাল থেকে তা আবার জোরদার করা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেলে যাত্রী ওঠানোর সময় সদরঘাটে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. সোহেল নামে এক যুবক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ঈদ ও পোশাক কারখানার ছুটিকে কেন্দ্র করে যাত্রীচাপ বাড়ায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top