চাঁদাবাজি করতে গিয়ে পাটুরিয়া ঘাটে আটক দুই যুবক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৬:২৫

সংগৃহীত

ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় চাঁদাবাজির প্রবণতাও বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে শিবালয় থানা পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে অটো-সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া ঘাটের নীলাচল পরিবহনের কাউন্টার সংলগ্ন অটো-সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সায়মন মুন্সি (১৯) এবং সৌরভ মুন্সি (১৯), যারা উপজেলার তেঘুরী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তারা প্রতিটি যানবাহন থেকে একশ থেকে দুইশ টাকা করে চাঁদা আদায় করছিল।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, “পাটুরিয়া ঘাটে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অভিযানের নেতৃত্ব দেন এসআই হাসান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পুলিশ ঘাট এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে। স্থানীয় চালক ও যাত্রীরা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, নিয়মিত অভিযান চালালে চাঁদাবাজি ও অনিয়ম অনেকটাই কমে যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top