হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:২৫
দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর বাকি দুইজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে—এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু। এছাড়া নতুন করে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
মৃত তিন শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। এ বিভাগেই সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে—গত ২৪ ঘণ্টায় এখানে ৬১ জনের হাম ধরা পড়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে তিনজনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে মোট ১,০৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি (৫০৫ জন) ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে ভর্তি হয়েছে ৩১৫ জন। তুলনামূলকভাবে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০ জন) ও ময়মনসিংহ (১ জন) বিভাগে।
এদিকে কিছুটা স্বস্তির খবরও রয়েছে—গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছাড়পত্র দেওয়া হয়েছে ঢাকা বিভাগে (২০৫ জন) এবং খুলনা বিভাগে (৯৪ জন)।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩২টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৬ শিশু।
একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ১৯,১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২,৩১৮ জনকে। তাদের মধ্যে ২,৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯,৭৭২ জন রোগী।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।