সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

পরীক্ষার হলে ছাদ থেকে পাখা পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২২

সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে আহত হয়েছেন এক পরীক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম নিয়ামুল হাসান (১৭)।

রোববার (সকাল ১১টার দিকে) চৌমুহনী পৌরসভার মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি পরীক্ষাকক্ষে এ ঘটনা ঘটে। সে সময় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছিল।

কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর নিয়ামুল ৮ নম্বর কক্ষে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ তার মাথার ওপর থাকা একটি চলন্ত পাখা খুলে পাশেই পড়ে যায়। এতে পাখার ডানার আঘাতে তার কপালের ডান পাশে কেটে যায় এবং পরীক্ষার হলে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দায়িত্বরত শিক্ষকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এনে তার কপালে ব্যান্ডেজ করা হয়।

পরে কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনায় কেন্দ্রের অফিস কক্ষে নিয়ামুলের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। তাকে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়, এবং ব্যান্ডেজ মাথায় নিয়েই সে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করে।

কেন্দ্রের হল সুপার ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আবদুল আউয়াল চৌধুরী জানান, “ঘটনার পরপরই আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি এবং যাতে তার পরীক্ষা ব্যাহত না হয় সে জন্য আলাদা কক্ষে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বোর্ডের পরিদর্শক দলের পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

পরীক্ষা শেষে নিয়ামুল তার বাবার সঙ্গে বাড়ি ফিরে যায়। পরে শিক্ষকবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান তার খোঁজ নিতে বাসায় যান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত অপ্রত্যাশিত এবং এর আগে এ কেন্দ্রে এমন কোনো ঘটনা ঘটেনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top