প্রেমের টানে হাজার মাইল পাড়ি, রংপুরে এসে বিয়ে করলেন চীনা যুবক
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ২১:০৬
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দেড় মাসের প্রেম, আর সেই টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে বাঙালি এক তরুণীকে বিয়ে করেছেন এক বিদেশি যুবক। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ভিনদেশি যুবককে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
জানা গেছে, ওই তরুণীর নাম আনিকা আক্তার। তিনি স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। আর তার স্বামীর নাম মা লিয়াংহুই, যিনি চীনের নাগরিক।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই সেই পরিচয় গভীর সম্পর্কে রূপ নেয়। ভালোবাসার টানেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশে এসে পৌঁছান ওই যুবক। এরপর থেকেই তিনি প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন।
বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দলে দলে এসে নবদম্পতিকে দেখতে ভিড় করছেন।
এ বিষয়ে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানা যাবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।