স্ত্রী তালাক দেওয়ায় শরীরে আগুন দিয়ে প্রাণ দিলেন স্বামী
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৩৪
বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের তত্ত্বাবধায়ক ছিলেন। সংসারের খরচ নিয়মিত না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার বিচ্ছেদের পর সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এতে অভিমান করে তিনি বাজারে গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল জানান, ঋণের কারণে নজরুল ইসলাম মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর তালাকের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এ পথ বেছে নেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।