বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বজ্রপাতে দেশের ৬ জেলায় ৮ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:৪১

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত আটজন কৃষক ও শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে নওগাঁ, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নাটোরে এসব ঘটনা ঘটে। নিহতরা সবাই মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নওগাঁয়। জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র, জুয়েল ও দিলীপ চন্দ্র বর্মণের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় সোহেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিকেলে বৃষ্টি শুরু হলেও তিনি মাঠেই কাজ করছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইউসুফ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

এছাড়া ময়মনসিংহের নান্দাইলে ধান কাটতে গিয়ে আব্দুর রশিদ নামে এক কৃষক এবং কুড়িগ্রামের নাগেশ্বরীতে ওবাইদুল নামে আরেক কৃষক বজ্রপাতে প্রাণ হারান। নাটোরেও একই সময়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বজ্রপাতের এসব ঘটনায় কৃষিপ্রধান জেলাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, আকাশে মেঘের গর্জন বা বিদ্যুৎ চমক দেখা দিলে দ্রুত খোলা মাঠ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। স্থানীয় প্রশাসন নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top