নেত্রকোনার ঘটনায় চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৩৮
নেত্রকোনায় ১১ বছরের এক মাদরাসা শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে ঘিরে দেশজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সত্যতা প্রকাশ করায় চিকিৎসক ডা. সায়মা আক্তারকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিশুটি নানাবাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে আলট্রাসনোগ্রাফিতে নিশ্চিত হওয়া যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।
এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে চিকিৎসক জানান, তিনি অনলাইন হুমকি, কুরুচিপূর্ণ মন্তব্য ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন।
তার স্বামী মো. আসিফুল ইসলাম বলেন, গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর হুমকির মাত্রা আরও বেড়েছে এবং তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ঘটনায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে শিশুটিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঘটনাটি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
পরবর্তীতে শিশুটির মা মদন থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।