ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রিটিশ র্যাপ তারকা সেন্ট্রাল সি
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০২
বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে ২৭ বছর বয়সী এই শিল্পী কালিমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শাহাদাহ গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’। তার জন্মনাম ছিল ওকলি নীল সিজার-সু।
লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই র্যাপার কনটেন্ট ক্রিয়েটর PlaqueBoyMax–এর সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে নিজের ধর্মান্তরের বিষয়টি জানান। তিনি বলেন, এখন থেকে তিনি ‘আখিল’ নামেই পরিচিত হতে চান। এর আগে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস নিয়ে তিনি খুব একটা প্রকাশ্যে কথা বলেননি।
২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করলেও ২০২১ সালের পর থেকেই ইউকে র্যাপ দৃশ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সেন্ট্রাল সি। এককভাবে এক বিলিয়ন স্ট্রিম অর্জন করা প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবেও রেকর্ড রয়েছে তার। ড্রেক ও জে. কোলের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করে তিনি দ্রুতই বৈশ্বিক পরিচিতি লাভ করেন।
এক সাক্ষাৎকারে নিজের উত্থান প্রসঙ্গে তিনি বলেছিলেন, সবকিছু এত দ্রুত ঘটছে যে মাঝে মাঝে তা বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। দীর্ঘদিন ধরে টানা দৌড়ে থাকার কারণে এসব নিয়ে ভাবার সুযোগও পাননি তিনি।
সংগীতজীবনের এই ব্যস্ততার মাঝেই তার ব্যক্তিগত ও আধ্যাত্মিক এই পরিবর্তন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও তার এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।