রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

মর্গে ইকরার মরদেহ, তবে হাসপাতালে অনুপস্থিত জাহের আলভী ও তার পরিবার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে রহস্য ও নাটকীয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। আত্মহত্যার অভিযোগে উদ্ধার হওয়া ইকরার মরদেহ এখনো মর্গে রাখা আছে। তবে হাসপাতালে এখন পর্যন্ত দেখা মেলেনি আলভী বা তার পরিবারের কোনো সদস্যের।

পরিবারের দাবি, ইকরার মৃত্যুর খবর জানানো হলে আলভীর পরিবারের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে আসার আশ্বাস দেওয়া হয়েছিল। তারা জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কারও উপস্থিতি পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইকরার স্বজনরা।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হিসেবে উঠে এসেছে, ইকরার একমাত্র সন্তানকেও শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ দেওয়া হয়নি। এতে উপস্থিত স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।

এদিকে, স্ত্রীর মৃত্যুর সময় অভিনেতা আলভী নেপালে অবস্থান করছিলেন। সমালোচনার মুখে তিনি জানান, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ায় দ্রুত দেশে ফিরতে পারেননি। তবে আজ দুপুরের ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আজ দুপুরে মর্গ থেকে ইকরার মরদেহ তার গ্রামের বাড়ি ভালুকা নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top