জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৫:২১
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এ বিষয়ে অধ্যাদেশ জারি হয়েছে এবং জুলাই সনদেও সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতির ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করছে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য সম্পর্কে তিনি অবগত নন উল্লেখ করে বলেন, এ বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে ছিল। ভবিষ্যতে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না, তা সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে নির্ধারণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতা বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। পাশাপাশি পর্যটন ভিসা ধাপে ধাপে বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। কোনটি গৃহীত, আংশিক সংশোধিত বা বাতিল হবে—তা সংসদেই নির্ধারিত হবে।
এছাড়া ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিদুর্ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিসের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নতুন নিয়োগ দেওয়া হবে। অতীতে এ খাতে দুর্নীতির অভিযোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।