‘অভিনেতা হওয়ার পরিকল্পনা ছিল না’ খোলামেলা স্বীকারোক্তি পরমব্রতর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৯
ভারতীয় বাংলা সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। পর্দার সামনে তার অভিনয় আর পর্দার পেছনে তার নির্মাণ—দুই মাধ্যমেই তিনি জয় করেছেন দর্শকহৃদয়। তবে সম্প্রতি এক স্মৃতিচারণায় এই তারকা জানালেন এক চমকপ্রদ তথ্য; তিনি নাকি কখনোই অভিনেতা হতে চাননি।
সময়টা ১৯৯৯ সাল। অভিনেতা নয়, বরং নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই পথচলা শুরু করেছিলেন তরুণ পরমব্রত। সে সময় কিংবদন্তি অঞ্জন দত্ত-এর ‘হাফ চকলেট’ শো-তে কাজ করার সুযোগ পান তিনি। পরমব্রতর ভাষ্যমতে, “অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিংবদন্তি অঞ্জন দত্তের সঙ্গে সময় কাটানো এবং সিনেমা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার একটি মজাদার সুযোগ ছিল সেটি। সত্যি কথা বলতে, কিছুটা আয়ের লোভও ছিল।”
পকেটমানি আর সিনেমা শেখার আগ্রহ থেকে শুরু হলেও ‘নিয়তি’ যেন তাকে নিয়ে যায় অভিনয়ের দুনিয়ায়। মাত্র দেড় বছরের ব্যবধানে তিনি টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন। ‘মৈনাক উপাখ্যান’, ‘অন্তরালে’, ‘এক আকাশের নিচে’ কিংবা ‘উৎসবের রাত্রি’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে দ্রুত পরিচিতি পান তিনি। প্রয়াত নির্মাতা যীশু দাশগুপ্ত-এর অধীনেও কাজ করেছেন তিনি।
সম্প্রতি দীর্ঘ ১৫ বছর পর নিজের প্রথম শুটিং স্পট ইন্দ্রপুরী স্টুডিও-তে পা রাখেন পরমব্রত। পুরোনো দিনের স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা-নির্মাতা। তার মতে, দেড় দশক পর সেই চেনা আঙিনায় ফিরে আসা ছিল একইসঙ্গে কষ্টের এবং গভীর ভালো লাগার অনুভূতি।
কাকতালীয়ভাবে অভিনয়ে আসা পরমব্রত চট্টোপাধ্যায় আজ টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অথচ তার শুরুটা ছিল শুধুই নির্মাণের নেশা থেকে—একজন চলচ্চিত্রকার হওয়ার স্বপ্ন নিয়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।