ক্যামেরার ফোকাসে ‘কল্কি ২’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৭
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হায়দরাবাদে শুরু হলো বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর শুটিং। তবে শুটিং শুরুর খবরের চেয়ে সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় চলচ্চিত্রের দুই স্তম্ভ— অমিতাভ বচ্চন এবং কমল হাসান—এর ৪০ বছরের পর পুনর্মিলন।
২০২৫ সালে ছবির কাস্টিং নিয়ে কৌতূহল ও জল্পনা চলছিল। দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে উঠা বিতর্কের মধ্যেও পরিচালক নাগ অশ্বিন হায়দরাবাদে শুটিং শুরু করলে সকল নেতিবাচক আলোচনা ধুয়ে মুছে যায় দুই কিংবদন্তির উপস্থিতিতে।
শুটিং সেট থেকে অমিতাভ বচ্চন নিজের ব্লগে মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অমিতাভকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরছেন কমল হাসান। অমিতাভ লিখেছেন, “দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। ‘গিরাফতার’-এর পর ফের একসঙ্গে কাজ করব আমরা।”
১৯৮৫ সালে ‘গিরাফতার’ ছবিতে একসঙ্গে কাজ করলেও তারা একই ফ্রেমে ছিলেন না। এবার কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পরের গল্পে, সুপ্রিম ইয়াসকিনের (কমল হাসান) অশুভ পরিকল্পনা থেকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়াবেন চিরঞ্জীবী অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)। সিক্যুয়ালে এই দুই শক্তির সরাসরি সংঘাতই দর্শকদের মূল আকর্ষণ।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘কল্কি ২’ কেবল একটি সিনেমা নয়, এটি ভারতীয় সিনেমার উত্তর ও দক্ষিণের সেতুবন্ধনের অনন্য নিদর্শন হয়ে উঠতে চলেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।