রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইরানে হামলায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িত ছিল সৌদি আরবও!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৫:১০

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে হামলার বিষয়ে চাপ দেয় ইসরায়েল ও সৌদি আরব এমন দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই ইরানে হামলার পক্ষে অবস্থান নেন। তবে সৌদি আরবের ভূমিকা ছিল তুলনামূলক জটিল। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক মাসে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে হামলার পক্ষে মত দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও প্রকাশ্যে তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে বক্তব্য দিয়ে আসছিলেন।

একই সময়ে রিয়াদ থেকে জানানো হয়, ইরানে হামলা হলে সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে প্রতিবেদনে দাবি করা হয়, সালমান মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

শনিবার ট্রাম্প জানান, দুটি প্রধান কারণে তিনি ‘অপারেশন এপিক ফিউরি’ চালু করেন। প্রথমত, জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়ে। দ্বিতীয়ত, আগের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের চেষ্টা শুরু হয়েছিল।

ট্রাম্পের দাবি, ইরান আলোচনায় কখনও এগিয়ে আসে, আবার সরে যায়। এতে তিনি নিশ্চিত হন যে, তারা আসলে কোনো চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়।

তিনি আরও জানান, গত ২৫ বছরে বিশ্বজুড়ে ইরান-সম্পর্কিত হামলার একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দেন তিনি। সেই তালিকা পর্যালোচনা করে দেখেন, প্রায় প্রতি মাসেই কোনো না কোনো সহিংস ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top