‘ইত্যাদি’তে তমা মির্জা ও হিমির চমকপ্রদ নাচ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:৩০
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর প্রতি পর্বেই থাকে নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে ঈদের আয়োজন ঘিরে দর্শকদের প্রত্যাশা থাকে আরও বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রতি বছরই ঈদের বিশেষ পর্বে নানা বর্ণিল আয়োজন উপস্থাপন করা হয়, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও আকর্ষণীয়।
এবারের ঈদ পর্বেও থাকছে বিশেষ চমক। এক মঞ্চে নাচতে দেখা যাবে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এবং ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে। তাদের সঙ্গে অংশ নেবেন একদল নৃত্যশিল্পীও। নাচটির কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণ হয়ে থাকে বাদ্যযন্ত্রের মূর্ছনায় পরিবেশিত মনোমুগ্ধকর একটি নৃত্য। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত নাচের পরিবেশনায় ভিন্নতা আনার চেষ্টা করেছেন। মিউজিক, বিষয়বস্তু ও চিত্রায়ণে রাখা হয়েছে নতুনত্ব।
নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, দর্শকদের পরিচিত ধাঁচের বাইরে গিয়ে ইত্যাদির নাচগুলোকে কিছুটা ব্যতিক্রমীভাবে উপস্থাপন করা হয়। এবারের নাচের জন্য নতুন করে তৈরি করা হয়েছে সঙ্গীত, যার তত্ত্বাবধানে ছিলেন হানিফ সংকেত। সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। সুরে রাখা হয়েছে ক্ল্যাসিক্যাল, ফোক ও আধুনিক ধারার সংমিশ্রণ।
নাচের পরিবেশনাকে আরও প্রাণবন্ত করতে শিল্পীরা দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছেন বলেও জানা গেছে।
প্রতিবারের মতো এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত এবং এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।