বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নাহিদের পাঁচ উইকেট, তানজিদের ঝড়ো ব্যাটে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:৪০

নাহিদের পাঁচ উইকেট, তানজিদের ঝড়ো ব্যাটে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে বল হাতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দেয় টাইগাররা। পরে তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিকরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন নাহিদ রানা। জবাবে ১৫ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে নতুন বলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পাননি। সপ্তম ওভারে স্পিন আক্রমণে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

পাওয়ার প্লের শেষদিকে আক্রমণে এসে প্রথম ওভারেই সাফল্য এনে দেন নাহিদ রানা। কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়ে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন নাহিদ। নিজের পরের কয়েক ওভারে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি। এর মধ্য দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন এই ডানহাতি পেসার।

নাহিদের দাপটের মাঝেই উইকেট শিকারে যোগ দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আব্দুল সামাদ। পরে হোসাইন তালাতকে পা আগে আউট করে ফেরান তিনি। একই ওভারে শাহিন শাহ আফ্রিদিকেও ফিরিয়ে পাকিস্তানের বিপর্যয় আরও বাড়ান মিরাজ।

দ্বিতীয় স্পেলে এসে একটি উইকেট নেন তাসকিন আহমেদও। তার বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম।

৮২ রানে নবম উইকেট হারানোর পর পাকিস্তান একশ পার করতে পারবে কি না, সেই শঙ্কা তৈরি হয়। তবে শেষদিকে কিছুটা লড়াই করেন ফাহিম আশরাফ। আবরার আহমেদের সঙ্গে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ পার করান তিনি। শেষ পর্যন্ত ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে ১১৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৪ রান করে ফেরেন এই ওপেনার। তবে অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম।

তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৮১ রান তোলে বাংলাদেশ। মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই বাঁহাতি ব্যাটার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top