নারীকেন্দ্রিক সিনেমায় নিজের শক্তি প্রমাণ করলেন রাণী মুখার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৬:৩২

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জি অভিনীত ‘মারদানি ৩’ ভারতে ৬০ কোটি রুপি আয় করেছে, আর বিশ্বব্যাপী আয় হয়েছে ৯০ কোটি রুপি। এটি ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে।

নারীপ্রধান অ্যাকশন–ড্রামা সিনেমার এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ মনে করছেন রাণী মুখার্জি। সম্প্রতি নারী দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “‘মারদানি ৩’ দর্শকদের সঙ্গে এত বড় পরিসরে সংযোগ স্থাপন করতে পেরেছে—এ জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্য প্রমাণ করে, নারীকেন্দ্রিক সিনেমারও শক্তিশালী দর্শক আছে।”

রাণী মুখার্জি আরও বলেন, “ভালো গল্প ও শক্তিশালী নারী চরিত্রের চলচ্চিত্র নায়ককেন্দ্রিক ছবির সঙ্গে সমানভাবে দাঁড়াতে পারে। নারীকেন্দ্রিক গল্পে বিনিয়োগ ঝুঁকি নয়, বরং বড় সুযোগ।”

তিনি জানান, ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা ২০১৪ সালে শুরু হয়েছিল, নির্ভয়া ঘটনার পর সমাজে রাগ ও ক্ষোভ থেকে সিনেমার জন্ম হয়। মা হওয়ার পর দৃষ্টিভঙ্গি বদলেছে, তাই সিনেমায় নারীদের নিরাপত্তা ও শক্তি ফুটিয়ে তোলাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রাণী মুখার্জি বলেন, “শিবানি শিবাজি রায় শুধু সাহসী চরিত্র নয়; তিনি দৃঢ়তার প্রতীক। দর্শকরা ১২ বছর ধরে তার সঙ্গে যুক্ত আছেন, কারণ এটি নারীদের ও সমাজকে অনুপ্রাণিত করে। সাহস মানে জোরে গর্জন নয়, বরং ধারাবাহিকভাবে নিজের অবস্থানে অটল থাকা।”

‘মারদানি ৩’–এর সাফল্য রাণী মুখার্জি এবং তার চরিত্র শিবানি শিবাজি রায়–কে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্তিশালী নারীর প্রতীক হিসেবে আরও প্রমাণ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top