বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

মুক্তির আগেই রেকর্ড ভাঙার ইঙ্গিত, ‘ধুরন্ধর টু’ ঘিরে দর্শকদের উন্মাদনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৭:৪৪

সংগৃহীত

বলিউড তারকা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই বক্স অফিসে বড় সাফল্যের আভাস দিচ্ছে। দর্শকদের আগ্রহ এমন পর্যায়ে পৌঁছেছে যে, মুম্বাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ মারাঠা মন্দির-এর বহু বছরের প্রচলিত রেকর্ডও এবার ভাঙতে পারে এই ছবি।

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একই হলে নিয়মিত প্রদর্শিত হয়ে আসছে ক্লাসিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে)। তবে সেই ঐতিহ্যে পরিবর্তন আসছে—নির্দিষ্ট শো টাইমে এবার জায়গা করে নিচ্ছে ‘ধুরন্ধর টু’।

শুধু একটি হলেই সীমাবদ্ধ নয়, মুম্বাই ও থানে-সহ দেশের বিভিন্ন শহরে ছবিটির চাহিদা এতটাই বেশি যে, দর্শকদের সুবিধার জন্য মধ্যরাতেও অতিরিক্ত শো চালুর পরিকল্পনা নিয়েছেন হল মালিকরা। এমনকি প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা প্রদর্শনের কথাও ভাবা হচ্ছে।

এর আগে ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবিতে ‘হামজা আলি’ চরিত্রে রণবীর সিংয়ের সংলাপ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আগামী ১৯ মার্চ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নতুন নজির গড়ছে ‘ধুরন্ধর টু’। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম—মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

ছবির পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, এবার ‘হামজা’ চরিত্রটি আরও ভয়ংকর ও শক্তিশালী রূপে দর্শকদের সামনে আসবে। এখন দেখার বিষয়, মুক্তির পর এই সিনেমা বক্স অফিসে আর কত পুরনো রেকর্ড ভাঙতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top