ঈদের ছুটিতেও থেমে নেই কার্যক্রম, বাসা থেকেই দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৭:৪৬
ঈদের সরকারি ছুটির মধ্যেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবনে অবস্থান করেই তিনি জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন এবং দেশের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির সময় হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তিনি নিয়মিত তথ্য নিচ্ছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে কাজের অগ্রগতি যাচাই করছেন।
এছাড়া দেশের সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও তিনি সরাসরি সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। ঈদ উপলক্ষে নগরীগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগের দিন সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।