বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পিছু হটল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৭:৪৫

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, দুই শীর্ষ নেতাকে হত্যার জবাবে তারা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক ‘জঘন্য হত্যাকাণ্ডের’ প্রতিশোধ নিতেই এই হামলা পরিচালনা করা হয়েছে। দেশটির আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম জানায়, উপকূল-থেকে-সমুদ্র (কোস্ট-টু-সি) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হানা হয়। এতে রণতরিটি চাপের মুখে পড়ে এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। তাদের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই এই হামলা চালানো হয়, যাতে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা সংশ্লিষ্ট দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি—আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম সোলেইমানি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ আরও জোরদার করেছে তেহরান।

বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন ঘাঁটি এবং ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে। ফলে পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top